হাওড়া জেলার আমতার খড়িয়প গ্রামে আমতা-উদয়নারায়ণপুর রোডের ধারেই এই মন্দিরটি অবস্থিত।
এই মন্দির ও আশ্রমের ব্যাপারে কিছু কথা
-----------------------------------------------
এটি ছাড়াও শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার আশ্রমের শাখা বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন চিড়িয়া মোড়, গুমা (হাবড়া), নানুর ইত্যাদি।
চিড়িয়া মোড়ের আশ্রমটি সম্ভবত সব থেকে পুরোনো যেটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত।
আমতার এই আশ্রমটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। প্রথমে সাড়ে ৬ বিঘা জায়গা দিয়ে শুরু হলেও ক্রমশ তা আড়ে বহরে বাড়তে বাড়তে বর্তমানে এই আশ্রমের জায়গার পরিমাণ ২০ বিঘারও বেশি।
বর্তমানের এই সুদৃশ্য অপূর্ব মন্দিরটি এই বছর অর্থাৎ ২০২৫ সালের ১ মার্চ, শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে উদ্বোধন করা হয়।
 |
| মূল মন্দির |
 |
| মূল মন্দির |
 |
| মূল মন্দির |
মন্দির চত্বরে কি কি রয়েছে
-------------------------------
মূল মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে একটি বিদ্যালয়, নাম বিদ্যার্থী ভবন। এটি ২০১০ সালে প্রতিষ্টিত, ক্লাস ১-৪ অব্দি পড়ার বন্দোবস্ত রয়েছে এখানে।
 |
| বিদ্যার্থী ভবন |
এছাড়াও এই আশ্রমের বিস্তীর্ণ জমিতে রয়েছে এনাদের নিজস্ব সবজি চাষের ব্যবস্থা, গোশালা ইত্যাদি। অনেক পোষা রাজহাঁস রয়েছে এখানে, এছাড়াও আশ্রমিকদের থাকার জন্য নানান বিল্ডিং রয়েছে এখানে।
 |
| ওনাদের নিজেদের গোশালার গরু ও চাষের জমি |
 |
| পোষা রাজহাঁস |
বাইরের লোকেদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই এখানে। নেই কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা। শৌচাগারের ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরের এক কোণে।
টুক টাক খাবার দাবার যেমন চা, কেক, বিস্কুট এইসবের একটি ছোট দোকান মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকেই বাঁদিকে রয়েছে।
এছাড়াও আশ্রম চত্বরে রয়েছে বিভিন্ন বই, মিউজিক সিডি, এনাদের নিজেদের হস্ত ও কুটিরশিল্পের বিভিন্ন জিনিস (আচার, জ্যাম, জেলি, ফিনাইল, ধূপকাঠি ইত্যাদি) এইসবের একটি কাউন্টার। কপাল ভালো থাকলে আশ্রম চত্বরে এনাদের নিজেদের চাষের টাটকা সবজিও পেয়ে যেতে পারেন। আমরা যেমন ১০ টাকার বিনিময়ে অনেক ঢেঁড়স কিনেছিলাম।
 |
| পুরোনো বিগ্রহ |
 |
| নবনির্মিত মন্দিরের বিগ্রহ |
 |
| নবনির্মিত মন্দিরের ভিতরের অপূর্ব কারুকার্য |
মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, ভিতরের যে কোটি ছবি দিয়েছি তা সবই আন্তর্জাল থেকে প্রাপ্ত।
বিশেষ উৎসব
----------------
মূল উৎসব শ্রী রামকৃষ্ণের জন্মতিথি। এছাড়াও বিভিন্ন পূজা যেমন সরস্বতী পূজা, দূর্গা পূজা ইত্যাদি খুব ধূমধাম করে পালিত হয় এখানে।
পার্কিং
-------
মন্দির চত্বর সুবিস্তৃত হওয়ায় দুই ও চার চাকা দুই রকমের যানই পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। মেইন রোডের ধারে হওয়ায় এখানে পৌঁছানো কোনো সমস্যাই নয়। গুগল ম্যাপে 'Sree Ramakrishna Prema Bihar' লিখে সার্চ করলেই সঠিক লোকেশন পেয়ে যাবেন।
সময়
------
মন্দিরটি প্রতিদিন বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা অব্দি খোলা থাকে। বিকেল ৪ টের সময় মূল প্রবেশদ্বার খোলা হয়, তাই তখন থেকে মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন।
কিভাবে আসবেন
--------------------
ট্রেনে আসলে হাওড়া আমতা লোকাল ধরে আমতা স্টেশনে নামুন, সেখান থেকে টোটো/অটোয় পৌঁছে যেতে পারেন এখানে।
বাসে আসলে আমতার কলাতলা স্টপেজে নেমে সেখান থেকে টোটো/অটোয় পৌঁছে যেতে পারেন এখানে। এছাড়াও হাওড়া থেকে ঝিকিরার বাস ধরলে সেটা এই মন্দিরের পাশ দিয়েই যায়।
#howrah #amta #khoriop #sreeramakrishnapremabihar #westbengal #westbengaltourism
Comments
Post a Comment